নেতানিয়াহুকে ট্রাম্পের সতর্কবার্তা ইরানে হামলা অব্যাহত রাখলে ইসরায়েলকে একা লড়তে হবে

আন্তর্জাতিক ডেক্স :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে খুব শিগগিরই তাকে একা লড়তে হতে পারে। সোমবার (৮ জুন) অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। খবর আল-জাজিরার।

ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে যুদ্ধ অব্যাহত রাখার পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, আমি বলেছি, বিবি, তোমাকে সতর্ক থাকতে হবে, নইলে খুব শিগগিরই তুমি একা হয়ে যাবে।

সোমবার ট্রাম্পের দেওয়া এই সতর্কবার্তা এমন এক সময়ে এসেছে, যখন এপ্রিল মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় উত্তেজনার পর ইসরায়েল ও ইরান উভয়েই হামলা সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানিয়েছে। একই সঙ্গে শান্তিচুক্তির লক্ষ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে।

এদিকে,  ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে উভয় পক্ষকে গুলি ও হামলা বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, শান্তির লক্ষ্যে চূড়ান্ত আলোচনা চলবে, যদি না অজ্ঞতা বা নির্বুদ্ধিতা এতে বাধা হয়ে দাঁড়ায়

এছাড়া, বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনেও বলা হয়েছে, ট্রাম্প ফোনে নেতানিয়াহুকে হামলা বন্ধ করার আহ্বানও জানিয়েছেন।

এর আগে, রোববার বৈরুতের ওপর ইসরায়েলের প্রাণঘাতী বোমা হামলার মাধ্যমে নতুন করে উত্তেজনার সূচনা হয়। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো শান্তিচুক্তি আংশিকভাবে লেবাননে সংঘাত বন্ধ হওয়ার ওপর নির্ভরশীল। বৈরুত হামলার জবাবে ইরান উত্তর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর প্রেক্ষিতে, ট্রাম্প রোববার সন্ধ্যায় নেতানিয়াহুকে ফোন করে পাল্টা হামলা না চালানোর অনুরোধ করেছিলেন। তবে সোমবার ভোরে ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়।

ইসরায়েলি বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান হাইফার একটি অনুরূপ স্থাপনা এবং দুটি ইসরায়েলি বিমানঘাঁটিতে হামলা চালায়। অনেক ক্ষেপণাস্ত্র অধিকৃত পশ্চিম তীরের আকাশে প্রতিহত করা হয়।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *