কাশিমপুরে মাদক সেবন, কারারক্ষী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক :গাজীপুর জেলার কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মাদক সরবরাহ ও সেবনের অভিযোগে এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেন কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

অভিযুক্ত মো. মশিউর ওই কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে কারারক্ষী মশিউরের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। এরপরই বিষয়টি নিয়ে কারা প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়।

কারাগার সূত্রে জানা গেছে, মশিউরের বিরুদ্ধে এর আগেও মাদকসহ বিভিন্ন অভিযোগে নয়টি বিভাগীয় মামলা ছিল। এ নিয়ে তার বিরুদ্ধে মোট ১০টি বিভাগীয় মামলা হলো। এছাড়া একাধিকবার তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, মশিউর কারাগারের বাইরে হরিণাচালা এলাকায়সহ বিভিন্ন স্থানে বাসাবাড়িতে গিয়ে মাদক সেবন করতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া কারাগারের আশপাশের মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। এর মাধ্যমে তিনি কারাগারের ভেতরে বন্দীদের কাছে মাদক সরবরাহ করতেন বলেও অভিযোগ উঠেছে। গোপন ক্যামেরায় তার মাদক সেবনের দৃশ্য ধরা পড়ে।

সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগের পর মশিউরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *