ছুরিকাঘাতে অভিনেতাকে হত্যা, প্রেমিকার ছেলে গ্রেপ্তার

বিনোদন ডেক্স :

জুমানজি’ ও ‘টপ গান: ম্যাভেরিক’ খ্যাত হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি আর নেই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ক্যালিফোর্নিয়ার টারজানা এলাকায় নিজের বাড়ির সামনের বাগানে অচেতন অবস্থায় পড়ে ছিলেন জেমস হ্যান্ডি। তার বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনায় অভিনেতার প্রেমিকার ছেলে, ৪৪ বছর বয়সী মাইকেল গ্লেডহিলকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। গ্রেপ্তারের পর মাইকেল গ্লেডহিলকে ভ্যান নাইস কারাগারে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, জরুরি নম্বর ৯১১-এ ফোন করে এক ব্যক্তি বলেন, আমি একজন পাপী মানুষকে হত্যা করেছি।’ ওই ফোনকল পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা।

তদন্তকারীদের ধারণা, এটি একটি পারিবারিক বা ব্যক্তিগত বিরোধের জেরে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনা। সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই বলেও জানিয়েছে পুলিশ।

নিউইয়র্কে জন্ম নেওয়া জেমস হ্যান্ডি দীর্ঘ ছয় দশক ধরে চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেছেন। যদিও তিনি খুব কমই প্রধান চরিত্রে অভিনয় করেছেন, তবু তার ক্যারিয়ারে রয়েছে অসংখ্য জনপ্রিয় সিনেমা ও সিরিজ।তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘এনওয়াইপিডি ব্লু’, ‘ল অ্যান্ড অর্ডার’, ‘সিএসআই: এনওয়াই’, ‘ক্যাসল’, ‘দ্য ওয়েস্ট উইং’ মত সিনেমা। তার সর্বশেষ চলচ্চিত্র ছিল ২০২২ সালের ‘টপ গান: মাভেরিক’। এতে তিনি ‘জিমি’ নামের এক বারটেন্ডারের চরিত্রে অভিনয় করেন। সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *