আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়ার বিশ্বকাপ দলে জিদান-পুত্র লুকা

স্পোর্টস ডেক্স :

বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপসঙ্গী আলজেরিয়া তাদের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান।

আলজেরিয়াকে এই মেগা টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন ম্যানচেস্টার সিটি ও লেস্টারের সাবেক তারকা ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ।স্প্যানিশ ক্লাব গ্রেনাডায় খেলা লুকা জিদান আলজেরিয়ার ঘোষিত স্কোয়াডের তিন গোলরক্ষকের একজন। লুকা ও তার বাবা জিনেদিন জিদান ফ্রান্সে জন্মগ্রহণ করলেও তাদের পূর্বপুরুষ ছিলেন আলজেরিয়ান। লুকা এক সময় ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলের হয়ে গোলপোস্ট সামলালেও গত বছর থেকে আন্তর্জাতিক ফুটবলে তিনি আলজেরিয়াকেই বেছে নিয়েছেন।লুকা জিদান ছাড়াও আলজেরিয়ার এই স্কোয়াডে জায়গা পেয়েছেন টটেনহামের সাবেক মিডফিল্ডার নাবিল বেনতালেব। চোটের কারণে সবশেষ আফ্রিকা কাপ অব নেশন্স মিস করা হুসেম আউয়ার এবং আমিন গুইরিও নিজেদের ফিটনেস প্রমাণ করে দলে ফিরেছেন।

এটি আলজেরিয়ার জন্য পঞ্চম বিশ্বকাপ হতে যাচ্ছে। উল্লেখ্য, বিশ্বমঞ্চের সবশেষ দুই আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি উত্তর আফ্রিকার এই দেশটি।

এবারের বিশ্বকাপে ‘জে’ গ্রুপে স্থান পেয়েছে আলজেরিয়া। যেখানে তাদের অন্য তিন প্রতিপক্ষ হলো বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৬ জুন শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ‘ডেজার্ট ফক্স’ খ্যাত দলটি।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *