ইতালিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান দিবালা

স্পোর্টস ডেক্স :

ফুটবলে দীর্ঘ পথচলার পর নিজের ক্যারিয়ারের শেষ ঠিকানা জানিয়ে দিলেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। ইতালির ফুটবলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও দেশটির মানুষের ভালোবাসায় মুগ্ধ এই ফরোয়ার্ড জানিয়েছেন, শেষ পর্যন্ত ইতালিতেই বুটজোড়া তুলে রাখতে চান তিনি।

পালের্মো দিয়ে ইতালিতে পেশাদার ফুটবলের যাত্রা শুরু। এরপর জুভেন্টাস হয়ে বর্তমানে রোমায় খেলছেন দিবালা। গত ১৪ বছরে ইতালি হয়ে উঠেছে তার ক্যারিয়ারের অবিচ্ছেদ্য অংশ। তাই এই দেশ ছেড়ে অন্য কোথাও গিয়ে ফুটবলকে বিদায় জানানোর কথা ভাবছেন না ৩২ বছর বয়সি এই তারকা।

এদিকে আট বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে রোমা। ২০১৮-১৯ মৌসুমের পর আবারও ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে ইতালির ক্লাবটি। তবে ফিরেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে দলটিকে। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির মতো শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে হবে তাদের।

কোমোর বিপক্ষে সিরি আ-তে গোলশূন্য ড্রয়ের পর রোমা এখন ইউরোপীয় প্রতিযোগিতার চ্যালেঞ্জ নিয়ে ব্যস্ত। ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকোয় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে এক সাক্ষাৎকারে দিবালা জানান, গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে রোমার খেলোয়াড়দের সর্বোচ্চটা দিতে হয়েছিল। সেই সাফল্য শুধু দলকেই আনন্দ দেয়নি, সমর্থকদের মধ্যেও ছড়িয়ে দিয়েছিল উচ্ছ্বাস।

দিবালার ভাষায়, ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় ফিরে আসা রোমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এবার বিশ্বের অন্যতম সেরা ক্লাবগুলোর বিপক্ষে খেলতে গিয়ে চ্যালেঞ্জ আরও কঠিন হবে। তবে নিজেদের মাঠে সমর্থকদের উৎসাহ ও ভালোবাসা দলকে বাড়তি শক্তি জোগাবে বলে বিশ্বাস তার। সেই সমর্থনকে কাজে লাগিয়ে আরও ভালো পারফরম্যান্স উপহার দিতে চান তারা।

ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে ইতালির প্রতি নিজের কৃতজ্ঞতার কথাও তুলে ধরেন দিবালা। তিনি জানান, এই দেশে এসে যে ভালোবাসা ও গ্রহণযোগ্যতা পেয়েছেন, তা তার প্রত্যাশার বাইরে ছিল। ফুটবলার হিসেবে উন্নতির পাশাপাশি একজন মানুষ হিসেবেও ইতালি তাকে সমৃদ্ধ করেছে।

জীবনের নানা সুখ-দুঃখের স্মৃতিও জড়িয়ে আছে দেশটির সঙ্গে। সব মিলিয়ে ইতালির প্রতি তার রয়েছে গভীর টান। আর সে কারণেই ক্যারিয়ারের শেষটাও এই দেশেই দেখতে চান তিনি।

২০২২ সালের জুলাইয়ে জুভেন্টাস ছেড়ে রোমায় যোগ দেন দিবালা। নতুন ক্লাবের হয়ে এখন পর্যন্ত ১৪৭ ম্যাচে ৪৫টি গোল করেছেন তিনি। এর আগে জুভেন্টাসে সাতটি মৌসুম কাটিয়ে নিজের ক্যারিয়ারের অন্যতম সফল অধ্যায় গড়েছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর তারও আগে পালের্মোর হয়ে ইউরোপীয় ফুটবলে নিজের পরিচিতি তৈরি করেন তিনি।

দীর্ঘদিনের এই পথচলায় ইতালিই হয়ে উঠেছে দিবালার ফুটবলজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিকানা। তাই ক্যারিয়ারের শেষ অধ্যায়ও এই দেশেই লেখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এখন দেখার বিষয়, ইতালির মাটিতে আরও কত দিন নিজের জাদু দেখাতে পারেন আর্জেন্টিনার এই তারকা।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *