নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরের কালকিনি পৌর শহরের মাছবাজারসংলগ্ন বড় ব্রিজ এলাকায় মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে দফায়-দফায় সংঘর্ষ, ধাওয়া-পালটাধাওয়া ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষের লোকজন বড় ব্রিজের দুপাশে অবস্থান নেন। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া-পালটাধাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বের জেরে পাঙ্গাশিয়া এলাকার রনি সরদার ও জহির ফকিরের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় রনি সরদার, সাব্বির সরদার ও নেসার উদ্দিন নামে এক পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।